২:২৪ পূর্বাহ্ণ
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি সিলেট সাংবাদিক ইউনিয়নের
অবিলম্বে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট সাংবাদিক ইউনিয়ন -(এসইউজে)।
মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে নবগঠিত সিলেট সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) আহবায়ক লিয়াকত শাহ ফরিদী, সদস্য রেজওয়ান আহমদ, মাহবুবুর রহমান রিপন, মঈন উদ্দিন, মঞ্জুর আহমদ ও আশকার আমিন রাব্বি এ দাবি জানান।
বিবৃতিতে এসইউজে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তা অমানবিক ও ন্যক্কারজনক।
তারা বলেন, দুর্নীতির নানাবিধ অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজ মেনে নিবে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসইউজে নেতৃবৃন্দ আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে সঠিক তথ্য সরবরাহ করাই সাংবাদিকদের কাজ । আর একাজে সরকারের দায়িত্ব সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। তা না করে প্রজাতন্ত্রের কর্মচারিরা নির্যাতনকারী হয়ে উঠলে তার দায় সরকারকেই বহন করতে হবে।
এসইউজে এই ন্যাক্কাজনক ঘটনার প্রতিবাদ, সাংবাদিক রোজিনার মুক্তি ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।