মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩১ আগস্ট ২০ ২৬
৭:৪৪ অপরাহ্ণ

পশ্চিম গৌরিপুর ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে
প্রয়াত শিক্ষক নেতা শামসুল আলম রফুর স্মর'ণসভা ও দোয়া মাহফিল

দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষক নেতা, দৈনিক সিলেটের ডাক-এর সাবেক স্টাফ রিপোর্টার, বালাগঞ্জ উপজেলা স্কাউটস-এর উপজেলা কমিশনার এবং পিজিডি ফোরাম-এর সদস্যসচিব মোঃ শামসুল আলম (রফু)-এর স্মরণে পশ্চিম গৌরিপুর ডেভেলপমেন্ট ফোরাম, সিলেটের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম গৌরিপুর ডেভেলপমেন্ট ফোরাম সিলেটের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক এবং বিমান বাংলাদেশের অবসরপ্রাপ্ত ম্যানেজার ফখরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সিলেটের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম।

আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবারণ চন্দ্র দাশ এবং বিমান বাংলাদেশের জুনিয়র অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন) ও পিজিডি ফোরামের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. হেলাল মিয়া এর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাধারণ সম্পাদক ও বাসস'র সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রকিব ভূঁইয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুম্মন মিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ওয়েছ আহমেদ চৌধুরী।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুম শামসুল আলম (রফু)-এর সন্তান ফাইয়াজ শাহদীব সাকিব, শিক্ষক নেতা আহমুদুল কিবরিয়া বকুল, আবুল খায়ের, গোলাম রব হাসনু, বিপ্লব পুরকায়স্থ, মো. শহীদ তফাদার, মো. মাসুক আহমদ, মো. আশিদ আলী, প্রমথেশ দত্ত, আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য সহকারী আবুল বাশার, সঞ্জয় কুমার নাথ, সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ, শেখ খালেদ আহমদ, আজিম উদ্দিন আহমদ, সঞ্জয় কান্তি দে, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, মো. সোহেল মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. লায়েক মিয়া, এ.এস.এম. আনোয়ারুল ইসলাম প্রমুখ। স্মরণসভায় বক্তারা মরহুম শামসুল আলম (রফু)-এর কর্মময় ও বহুমাত্রিক জীবনের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, শামসুল আলম রফু কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান কলমযোদ্ধা এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক।

শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা এবং স্কাউটিং আন্দোলনের মাধ্যমে তিনি এই অঞ্চলের শিক্ষা, সামাজিক সচেতনতা ও যুবসমাজের আত্মউন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। বিশেষ করে বালাগঞ্জ উপজেলা স্কাউটস এবং পিজিডি ফোরামের দায়িত্বশীল পদে থেকে তিনি যে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা তাঁর স্মৃতিচারণ করে আরও বলেন, একজন সাদা মনের মানুষ হিসেবে শামসুল আলম রফু সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন।

তাঁর বিনয়ী আচরণ, পেশাদারিত্ব এবং সামাজিক দায়িত্ববোধ সবাইকে মুগ্ধ করতো। কর্মক্ষেত্রের বাইরেও এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর এই অকাল প্রয়াণ সিলেটের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রেখে যাওয়া আদর্শ ও সমাজসেবামূলক কাজগুলোকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাঁকে স্মরণ করতে পারি।

স্মরণসভায় মরহুমের সহকর্মী, শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পশ্চিম গৌরিপুর ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল আমিন তানিম এবং পবিত্র গীতা পাঠ করেন ঋষিকেশ দাশ।আলোচনা সভা শেষে মরহুম মোঃ শামসুল আলম (রফু)-এর আত্মার মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ