১১:৫৭ অপরাহ্ণ
ফাইল ছবি
জকিগঞ্জে নি'খোঁজ স্কুলছাত্র জিহান : তিনদিনেও মেলেনি খোঁজ, খাল থেকে উদ্ধার ব্যাগ–ড্রেসে বাড়ছে রহস্য
স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র এহসান আরাফাত জিহানের (১৩) তিনদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের দুই দিন পর একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও পোশাক উদ্ধার হওয়ায় পুরো ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য।
জানা গেছে, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জিহান গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে ওইদিন স্কুল শেষে সে আর বাড়ি ফিরে আসেনি।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরে ১ এপ্রিল জিহানের বাবা জসিম উদ্দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নং-০২)। ঘটনার মোড় নেয় বৃহস্পতিবার (২ এপ্রিল)।
সেদিন জকিগঞ্জ পৌরসভার ছবড়িয়া গ্রামের একটি খাল থেকে জিহানের ব্যবহৃত স্কুল ড্রেস, ব্যাগ ও বই উদ্ধার করা হয়। এতে করে নিখোঁজের ঘটনাটি নতুন করে আলোচনায় আসে এবং এলাকায় ছড়িয়ে পড়ে উদ্বেগ ও শঙ্কা। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, জিহান কোনো অপহরণ কিংবা মানবপাচার চক্রের শিকার হয়ে থাকতে পারে। জিহানের মামা শিক্ষক হিফজুর রহমান বলেন, “ও খুবই শান্ত স্বভাবের ছেলে।
পরিবারেও কোনো বিরোধ নেই। এমন ঘটনা আমাদের জন্য অবিশ্বাস্য ও মর্মান্তিক।” এদিকে পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) অরূপ সাগর গুপ্ত কমল বলেন, “আমরা বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চালাচ্ছি। এখনো পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।” জিহানের খোঁজ না মেলায় পরিবারে নেমে এসেছে শোক আর উৎকণ্ঠার ছায়া। স্থানীয়রাও দ্রুত তার সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।