৭:১০ অপরাহ্ণ
জকিগঞ্জে হাওর অঞ্চলের জেলেদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের জেলেদের সমস্যা, অধিকার ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ এসডিএস কার্যালয়ে “জল ও জলায় জেলেদের অধিকার নিশ্চিত করুন” শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় জেলে ও কৃষিজীবী মানুষের জীবন-জীবিকার নানা দিক নিয়ে এতে আলোচনা হয়।
এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, আদর্শ নারী উন্নয়ন সংস্থার সভাপতি জোসনা খানম এবং মানিকপুর ইউনিয়নের সাবেক সদস্য রনজিত বিশ্বাস। বক্তারা বলেন, হাওর এলাকার জলাশয় ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে জেলেদের জীবন-জীবিকা ওতপ্রোতভাবে জড়িত।
কিন্তু বিভিন্ন কারণে অনেক জেলে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জেলেদের মাছ ধরার অধিকার সংরক্ষণ, জীবিকা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাওরের জলজ সম্পদ টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারী জেলে ও কৃষিজীবী নারী-পুরুষ তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং হাওর অঞ্চলের জীবিকা সংকট, জলাশয় ব্যবস্থাপনা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন। এসডিএস, মা-মণি ও আদর্শ নারী সংস্থা, জকিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সভায় হাওর অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কৃষিজীবী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।