রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০ ২৬
৫:৩৭ অপরাহ্ণ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সিলেটের বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (অডিট শাখা) মোহাম্মদ শামছুল হক। সরকারি সফরের অংশ হিসেবে ১৯ এপ্রিল কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদে তিনি গ্রাম আদালত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি গ্রাম আদালতের এজলাস স্থাপনার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ইউএনডিপির এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের অপারেশন ম্যানেজার এ এফএম আব্দুল হামিদ, কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী এবং গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

এ সময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ ও নজরুল ইসলাম, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহিন আহমদ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা। পরিদর্শনকালে যুগ্মসচিব মোহাম্মদ শামছুল হক বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে দ্রুত, স্বল্প ব্যয়ে এবং সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম।

এটি শুধু মামলার জট কমায় না, বরং গ্রামাঞ্চলে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ অজ্ঞতা বা অনাগ্রহের কারণে গ্রাম আদালতের সুবিধা গ্রহণ করতে পারেন না। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্টদের দায়িত্ব হচ্ছে জনগণকে সচেতন করা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সহজলভ্য ও বিশ্বাসযোগ্য করে তোলা।

এজলাস স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটি কার্যকর ও পরিবেশসম্মত এজলাস গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে। তাই নির্ধারিত মান অনুযায়ী দ্রুত এজলাস স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আরও বলেন, প্রতিটি মামলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতকে আরও সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর জোর দেন তিনি। উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন এবং ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ