৫:৫১ অপরাহ্ণ
পীরমহল্লায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় হা’ম’লা ও হয়’রা'নির অভি’যোগ
সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লায় যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছে চাঁদা দাবি, বাসায় হামলা, লুটপাট ও হয়রানির অভিযোগ ওঠেছে। দেশে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েও পাননি তিনি। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন, নগরের পশ্চিম পীর মহল্লা ঐক্যতান-১৮৫ নম্বর বাসার মালিক, যুক্তরাষ্ট্র প্রবাসী আজিজুর রহমানের আত্মীয় শাহিন আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আজিজুর রহমান সিলেট নগরের পশ্চিম পীর মহল্লায় একখন্ড জমি ক্রয় করে সেখানে ঘর তৈরি করেন। বাসাটি দেখাশোনার জন্য একজন পাহারাদার নিয়োগ করেন। এরপর স্থানীয় জিয়া নামের এক ব্যক্তি দলবল নিয়ে তার কাছে চাঁদা দাবি করলে ২০২০ সালের ২৬ নভেম্বর সিলেটের বিমানবন্দর থানায় সাধারণ ডায়রি করা হয়। চাঁদা না পেয়ে ২০২৩ সালের ২৪ আগস্ট রাতে জিয়ার নেতৃত্বে তারা বাসায় হামলা করে এবং ঘর-দরজা ভাংচুর করে রড, টিনসহ অন্যান্য আসবাবপত্র লুট করে নেয়। এমনকি, নতুন ঘর তৈরির জন্য রাখা ইট, বালু-পাথর লুট করে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, জায়গা সম্পত্তি দেখভালকারী রাজু মিয়ার বিষয়টি টেলিফোনে বিদেশে আজিজুর রহমানকে জানালে তিনি বিষয়টি নিয়ে দেশে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। এই কারণে রাজু মিয়াকেও হুমকি দেওয়া হয়। দেশে এলে বাসার মালিককেও হত্যার হুমকি দেন তারা। আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘদিন আজিজুর রহমান দেশে আসেননি। তবে, তিনি বাংলাদেশ মিশন নিউইয়র্ক-এর মাধ্যেমে তৎকালীন প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রীকে অবগত করেন। স্বৈরাচার পতনের পর গত ফেব্রুয়ারিতে আজিজুর রহমান দেশে এসে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ তার।
শাহিন আলম বলেন, দেশের এসে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের পরামর্শে থানায় বিমানবন্দর থানায় অভিযোগ নিয়ে গেলেও ওসি তা গ্রহণ করেননি। নানা অজুহাত দেখিয়ে এক পর্যায়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তিনি। এক পর্যায়ে ওসি নিজের মতো একটি বর্ণনা লিখে দিলে তাতে সাক্ষর করেন প্রবাসী আজিজুর রহমান। পরে, জানতে পারেন এটি সাধারণ ডায়রি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এভাবে নানা টালবাহানার পর উপায় না পেয়ে যুক্তরাষ্ট্র ফিরে যান আজিজুর রহমান। উল্টো তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আদালতে মামলা করেন জিয়া। এতে আজিজুরের প্রবাসী মেয়ের জামাইকেও অভিযুক্ত করা হয়। শাহিন আলম তার আত্মীয় প্রবাসী আজিজুর রহমানের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এভাবে সন্ত্রাসীরা প্রবাসীদের জায়গা-জমি জবরদখল, হামলা, মামলা করে পার পেয়ে যাচ্ছে। এতে প্রবাসী ও তাদের সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তারা দেশে বিনিয়োগ করতে অনাগ্রহী হচ্ছেন। প্রশাসনের কাছে যুক্তরাষ্ট্র প্রবাসী আজিজুর রহমানের ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।