৬:৫১ অপরাহ্ণ
রেমিট্যান্সভিত্তিক অর্থনীতি গড়তে পারলে সিলেটে বিনিয়োগ বহুগুণে বাড়বে... জেলা প্রশাসক
সিলেটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা জানি সিলেটে উল্লেখযোগ্য কোনো মিল-ফ্যাক্টরি নেই; তবুও শুমারির মাধ্যমে প্রকৃত চিত্রটি জানতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। সিলেটের আয়ের মূল উৎস মূলত রেমিট্যান্স।
প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সকে ভিত্তি করে যদি একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যায় এবং তাঁদের আত্মীয়-স্বজনরা এখানে বিনিয়োগ করেন, তবে এ অঞ্চলে ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বহুগুণে বাড়বে।" তিনি আরও বলেন, "অর্থনীতির মূল ভিত্তি হলো মিল-ফ্যাক্টরি স্থাপন, যার মাধ্যমে প্রশিক্ষণ ও সেবা খাতের প্রসার ঘটে। অর্থনৈতিক শুমারিতে এই বিষয়গুলো উঠে এসেছে।
শুমারির তথ্যগুলো যদি সঠিকভাবে ও পরিপূর্ণভাবে সংগ্রহ করা হয়, তবে তা সরকারের নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের সহায়তা করবে।" মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের অবহিতকরণের লক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত এই শুমারি বিষয়ক সেমিনারে শুরুতে পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান অফিসার ইফতেখার মাহবুব চৌধুরী রাব্বি।
এরপর ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনের মূল দিকগুলো (Key Points) নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিস, সিলেটের উপপরিচালক কামাল উদ্দিন। সেমিনারে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমানের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিরা শুমারির তথ্য ও এর প্রয়োগ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
সিলেট জেলা পরিসংখ্যান অফিসার সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান ও প্রতিনিধিগণ, বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিবিএস সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।