৬:৪১ অপরাহ্ণ
উচ্চ আদালতে রায় থাকার পরও সংখ্যালঘু সম্প্রদায়ের জমি ছাড়ছে না দখ'ল'দাররা
সিলেট নগরের রায়নগর এলাকার ব্রজনাথটিলার সবুজ-১৯ নম্বর বাসাটি জাল কাগজ তৈরি করে এসএ রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল করে রেখেছেন ভূমিখেকো প্রভাবশালী চক্র। উচ্চ আদালত পর্যন্ত একাধিক শুনানিতে তাদের বিপক্ষে রায় হলেও জমির দখল ছাড়ছেন না বরং নানা হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে ফের সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন বিনয় কুমার সিংহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার শাসনামলে বিভিন্ন প্রভাবশালী মহল ও প্রশাসন এই ভূমিখেকো প্রভাবশালী চক্রকে সাহায্য সহযোগিতা করেছেন। জুলাই আন্দোলনে স্বৈরাচারের পতনের পর আমরা আশাবাদী ছিলাম, আমাদের পৈতৃক ভিটা ফিরে পেতে সবাই সাহায্য সহযোগিতা করিবেন। কিন্তু দুঃখজনকভকবে ভূমিখেকো চক্র তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন, এই ভূমিখেকো প্রভাবশালী চক্রের সদস্য তিন ভাই পারভেজ আহমদ চৌধুরী, আদনান আহমদ চৌধুরী এরং তৌহিদ আহমদ চৌধুরী। তারা আমাদের পরিদাদা নব কুমার সিং নামীয় এসএ রেকর্ডীয় সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার এস এ ২৮১৯ নম্বর খতিয়ানে ১০২৮৪ নম্বর দাগে ২৬ শতক জমি জাল-দলিল বানিয়ে দীর্ঘদিন যাবৎ জবরদখল করে আছেন। নব কুমার সিং নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করায় এই সম্পত্তির মনিপুরী (হিন্দু) সম্প্রদায়ের দায়ভাগ অনুযায়ী মালিক স্বত্ববান আমাদের দাদা ইন্দ্র কুমার সিং।
জাল দলিলের কারণে তারা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতসব জায়গায় হেরে গেছেন উল্লেখ করে বিনয় কুমার সিংহ বলেন, জাল দলিল দিয়ে স্বত্ব ঘোষণার দাবিতে তারা সাব-জজ দ্বিতীয় আদালত, সিলেটে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলাটি খারিজ হয়। রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে স্বত্ব আপীল দায়ের করলে অতিরিক্ত জেলা জজ আদালত তা নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করলে মেরিট না থাকায় সেখানেও খারিজ হয়। ২০২২ সালে লিভ টু আপীল দায়ের করলে চলতি বছরের ১৪ জুলাই ডিসমিস হয়। সুপ্রীম কোর্টেও আপীল বিভাগ পর্যন্ত মামলায় হেরেছেন। ফলে নালিশা দাগে বিবাদীগণের মালিকানা স্বত্বের কোনো ডকুমেন্ট নেই।
তিনি অভিযোগ করেন, আদালতের রায় বারবার আমাদের পক্ষে আসার পরও ভূমিখেকো প্রভাবশালী চক্র আমাদের পৈত্রিক ভিটার দখল ছাড়ছেন না। উল্টো নানাভাবে হুমকি দিচ্ছেন। তাই, জমি দখলমুক্ত করতে প্রশাসনের সর্বমহলের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজন কুমার সিং, বিনয় সিং, দিজেন সিং, দিলু সিং, রবি লাল মোড়া, নূর আলী, অভিজিৎ সরকার, সত্যজিৎ সরকার, ছায়া রাণী দেবী প্রমুখ।