১১:২৫ অপরাহ্ণ
পশ্চিম গৌরীপুরে আ.লীগ বিদ্রোহী প্রার্থী হলেন আব্দুর রহমান মাখন
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মধুর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মাখন।
জানা যায়, আব্দুর রহমান মাখন ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী। ২০১৯ সালের ৩১ অক্টোবর পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ গঠিত কমিটিতে সদস্য পদ লাভ করেন তিনি। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক মো. আনহার মিয়ার স্বাক্ষরে অনুমোদনকৃত ওই কমিটির প্যাডে ৪১ নম্বর স্থানে তার নাম রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হয়েও আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা করার বিষয়ে আব্দুর রহমান মাখনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আওয়ামী লীগ করি, তৃণমূলের ইচ্ছার দিকে না চেয়ে মধু সাহেবকে নৌকা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমি প্রার্থীতা করছি। এ ব্যাপারে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু বলেন, বিদ্রোহী প্রার্থীর বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো। তারা যে নির্দেশনা প্রদান করবেন আমরা তাই করবো৷