৮:০ ৯ অপরাহ্ণ
বুধবার থেকে সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সংবাদ সম্মেলনে সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিদ্যুৎ সাশ্রয়ে জুলাই মাসের ৭ তারিখ সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। যদিও বেশিরভাগ এলাকাতেই লোডশেডিং তার চেয়ে বেশি সময় ধরে হচ্ছে।