৯:৪১ অপরাহ্ণ
সালফে সালিহীনের অনুসৃত পথেই রাসুল (সা.) এর অনুসরণ সম্ভব: নজমুল হুদা খান
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান বলেন, আমরা রাসূল (সা.) এর সুন্নাহ পেয়েছি সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন ও মুজতাহিদীন থেকে। আমরা ছোটবেলা থেকেই রাসুল (সা.) এর অনেক সুন্নাহ অনুসরণ করে আসছি যদিও তখন আমরা সুন্নাহ কি সেটা জানতাম না।
এটা সম্ভব হয়েছে আমাদের পিতামাতা ও পূর্বসূরীদের মাধ্যমে, তারা গ্রহণ করেছেন তাদের পূর্ববর্তীদের থেকে এবং এই পরম্পরা সালফে সালিহীন হয়ে রাসুলুল্লাহ (সা.) পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অতএব সালফে সালেহীন বা পূর্ববর্তীদের অনুসরণের মাধ্যমেই আমরা সুন্নাহর অনুসরণ করতে পারব। যদি আমরা নিজ বিবেচনায় সরাসরি হাদীস অনুসরণ করার চেষ্টা করি তবে অনেক সময় বিভ্রান্তির মধ্যে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা সব সুন্নাহই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয় তথা উম্মতের জন্য অনুসরণীয় নয়।
তিনি হাদীসে রাসূলের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসুল (সা.) চারজনের অধিক স্ত্রী গ্রহণ করেছেন তা আমাদের জন্য অনুসরণীয় নয়। আবার রাসূল (সা.) এক সম্প্রদায়ের আবর্জনা ফেলার জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এর অর্থ এই নয় যে, দাঁড়িয়ে প্রস্রাব করাই রাসূল (সা.) এর সুন্নাহ। এখানে বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রস্রাব করলেও মূলত সুন্নাহ হলো বসে বসে প্রস্রাব করা।
বিভিন্ন হাদীসের মধ্যে কোনটি সুন্নাহ এবং কোনটি সুন্নাহ নয় তা সলফে সালিহীন চিহ্নিত করেছেন। তাই রাসূল (সা.)কে অনুসরণের ক্ষেত্রে সালফে সালেহীনের গৃহীত পথ ও পদ্ধতির অনুসরণ করা উচিত। ২৭ অক্টোবর'২৩, শুক্রবার, বাদ জুমুআ, সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত "রাসুলুল্লাহ (সা.) এর অনুসরণ : পথ ও পদ্ধতি" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণারত মাওলানা মুহিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ। শাখা সভাপতি মো. নুরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলবাব হোসেন এর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ছায়েম ইবনে খায়ের ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সভাপতি মাহমুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ, অর্থ সম্পাদক রুম্মান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য- মাহিন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, তাজুল আহমদ, জাবেদ আহমদ, তাওসিফ মুত্তাকিন, রাহি আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ।