বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
সিকৃবি প্রতিনিধি ::
৭ ডিসেম্বর ২০ ২২
৩:৫৮ পূর্বাহ্ণ

মাদক ও র‍্যাগিং বন্ধে সিকৃবি উপাচার্যের কঠোর হুশিয়ারি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাদকদ্রব্য সেবন ও র‌্যাগিং নির্মূলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে দুপুর ১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সিকৃবি উপাচার্যের মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দিলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ, সাংবাদিক সমিতির বর্তমান কমিটির সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা যারা ভুল পথে আছে, তাদেরকে মাদক শেষ করে দিক এমনটা চাই না। আমরা তাদের মাদক থেকে দূরে রাখতে চাই এবং নতুনভাবে কেউ মাদকের সঙ্গে জড়িত হোক সেটা চাই না। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা তাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ফেলে নতুন একটি পরিবেশে এসে কোনো অনাকাঙ্ক্ষিত র‍্যাগিং এর শিকার হোক এমনটা চাই না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদকমুক্ত রাখতে আমি এবং আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকব। এ সময় তিনি সাংবাদিকদের মাদক ও র‍্যাগিং নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার কথা ব্যক্ত করেন।

সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করলে উপাচার্য তা বাস্তবায়ন করার আশ্বাস দেন।

মতবিনিময় সভা শেষে সিকৃবি উপাচার্য জাতীয় ক্যাম্পাস সাংবাদিক উৎসব ২০২২ এ অংশগ্রহণের সনদপত্র ও সম্মাননা স্মারক সাংবাদিক নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ