২:৫৮ অপরাহ্ণ
বিজয়নগর-কাকরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে কে বা কারা বৈশাখী পরিবহণের একটি বাস ভাঙচুর করে পালিয়ে যায়। এরপর আরও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে।
পুলিশ পানির ট্যাঙ্কির আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপি’র সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হচ্ছে।