৭:৩৮ অপরাহ্ণ
সদর উপজেলায় আইডিয়া-ইসিইটিজি প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা
সিলেট সদর উপজেলায় আইডিয়া-ইসিইটিজি প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক।
প্রকল্প অফিসার উজ্জল দেবের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী। প্রকল্প পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার সাবিনা আক্তার।
সভাপতির বক্তব্যে নজমুল হক বলেন, চা বাগানের শ্রমিকদের সন্তানদের কথা চিন্তা করেই আমরা এই শিক্ষা প্রকল্প হাতে নিয়েছি। আমরা চেষ্টা করছি চা শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তবে আমাদের প্রকল্প শেষ হয়ে গেলে এই স্কুলগুলোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তবেই এর সুফল ভোগ করা যাবে।
তিনি বলেন, সরকার যাতে চা বাগান এলাকার শিশুদের জন্য পড়ালেখার সুযোগ সৃষ্টি করে দেয় সেব্যাপারেও আমরা কাজ করছি। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সদস্য দিলীপ কুর্মি, সংরক্ষিত সদস্যা দিপালী গোয়ালা ও খাদিমনগর ইউনিয়নের সদস্য আতাউর রহমান শামীম।
সভায় সিলেট সদরের বিভিন্ন চা-বাগানসমূহের ব্যবস্থাপকগন, পঞ্চায়েত প্রধান, বাগান ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সদস্য, পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, এবং এনজিও প্রতিনিধিগন অংশগ্রহন করেন। স্বাগত বক্তব্যে ইসিইটিজি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জানান, প্রকল্পটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, সিলেট সদর, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মোট ১২টি চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির লক্ষ্য হচ্ছে ”একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়নমূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সকল শিশু - সহায়ক, আকর্ষণীয় এবং সমন্বিত শিক্ষার পরিবেশে উন্নতি করতে পারে, যাতে তারা উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, স্বাস্থ্য সচেতনতা এবং প্রেরণা অর্জন করতে পারে”। প্রকল্পটি ডিসেম্বর ২০২৩ সালে পাইলট হিসেবে শুরু করে, যা বর্তমানে ২য় পর্যায়ে নভেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে। জার্মান ভিত্তিক দাতা সংস্থা চাইল্ডএইড নেটওয়ার্ক এর অর্থায়নে আইডিয়া উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তি