৩:২৮ অপরাহ্ণ
র্যাগিংয়ের অভিযোগে শাবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
র্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য বলেন, ‘র্যাগিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তাদের আবাসিক হলের সিটও বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী জানান, প্রথম বর্ষের এক নবীন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সায়েদ আরফিন খান নোবেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান এবং সহকারী প্রক্টর মিজানুর রহমান।