৫:১৮ অপরাহ্ণ
গবেষণায় অবদানের জন্য শাবিতে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান
গবেষণায় অবদান রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ই মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাসন রাজা মিলনায়তনে স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির আয়োজনে ডিন’স অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স-২০২১ অনুষ্ঠিত হয় ।
এতে প্রফেসর ড. চৌধুরী আবুল আনাম রাশেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শিক্ষা ও গবেষণায় উত্তরোত্তর উন্নতি এ বিশ্ববিদ্যালয়কে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু করে তুলেছে। গবেষণায় যেমন বাজেট বৃদ্ধি করা হয়েছে তেমনি গবেষকদের পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও প্রদান করা হচ্ছে। আজকের এই আয়োজন এরই ধারাবাহিকতার অংশবিশেষ। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে ৪জন শিক্ষককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সিভিল, আর্কিটেকচার এবং ইনভাইরনমেন্ট ক্যাটাগরিতে প্রফেসর ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার; কেমিক্যাল, ফুড এবং পেট্রোলিয়াম ক্যাটাগরিতে প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান; মেক্যানিক্যাল, ম্যানুফেকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ হাসান ; কম্পিউটার, ইলেকট্রিকেল এবং ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা অ্যাওয়ার্ড অর্জন করার গৌরব লাভ করেন। পরে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা তাদের অনুভুতি প্রকাশ করেন।