রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট ::
২ জুন ২০ ২৬
৯:৫৭ অপরাহ্ণ

পরিবারের ওপর হামলার অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ইকবাল হাসানের

বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সহ-সম্পাদক শেখ ইকবাল হাসানের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত ১ জুন দুপুর আনুমানিক ৩টার দিকে গাজীপুর জেলার চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামলায় ইকবাল হাসানের মা, তার বড় ভাই ব্যবসায়ী আলী হোসেন এবং বোন হ্যাপি বেগম আহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জীবনের নিরাপত্তার কারণে ইকবাল হাসানের মা, ভাই ও বোন বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।

নিজেদের ভিটামাটি, ব্যবসা-বাণিজ্য ও পরিচিত পরিবেশ ছেড়ে নিরাপদে থাকার চেষ্টা করেও তারা নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পাচ্ছেন না। পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই রাজনৈতিক হয়রানি ও নিরাপত্তাহীনতার কারণে তারা নিজ বাসস্থান ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন।

একই কারণে ২০২৪ সালে শেখ ইকবাল হাসানও দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তবে, দেশ ছাড়ার পরও তার পরিবারকে ঘিরে নানা ধরনের চাপ ও হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পরবর্তীতে সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় শেখ ইকবাল হাসানকে অভিযুক্ত করা হয়।

মামলাটি সি আর নং-১২৭/২০২৫ বলে উল্লেখ করা হয়েছে। হামলার নেতৃত্ব নিয়ে যে অভিযোগ পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ১ জুনের হামলার ঘটনায় পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন।

দিন-দুপুরে ডাকাতি-রাহাজানি-চাঁদাবাজি করে আসছেন। পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে নতুন করে বিরোধ ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন কিছু ব্যক্তিকে নতুন রাজনৈতিক বলয়ের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

‘পালিয়েও তারা বাঁচতে পারছে না’ এ ঘটনায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বর।

তিনি বলেন, “ইকবাল হাসানের পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তার জন্য নিজেদের ভিটামাটি, ব্যবসা-বানিজ্য ও সহায়-সম্পদ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বেঁচে থাকার আশায় তারা নিজেদের এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিলেও সেখানেও তারা নিরাপদে থাকতে পারছেন না।

পালিয়েও তারা যেন বাঁচতে পারছেন না।” তিনি আরও বলেন, পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত শেখ ইকবাল হাসান পরিবারের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, রাজনৈতিক কারণে দেশ ছাড়ার পরও তার পরিবারের সদস্যরা নিরাপদে থাকতে পারছেন না।

তিনি হামলার নিরপেক্ষ তদন্ত, আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার পরিবর্তনের পর তারা স্বাভাবিক জীবনে ফেরার আশা করেছিলেন। কিন্তু হামলার ঘটনায় সেই আশাও ভেস্তে গেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ