৬:৫২ অপরাহ্ণ
শাবিপ্রবির সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে ‘সাস্টিয়ান নরসিংদী’র মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর উপাচার্যের লেলিয়ে দেয়া পুলিশি হামলার প্রতিবাদ এবং সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নরসিংদীতে অবস্থানরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'সাস্টিয়ান নরসিংদী'৷
২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, বিকাল ৩:৩০টায়, নরসিংদী সদর উপজেলা মোড়ে, নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷ "সাস্টিয়ান নরসিংদী"র সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েদ আব্দুল্লাহ যীশু ও সহ সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মারুফ মিয়া, মো. এমরান হোসেন ভূঞা, মো. নাছির উদ্দীন, প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, মিজানুর রহমান, ইকবাল হোসেন, মোহা. মোমেন উল্লাহ, ইসরাত জাহান তমা, ফয়সাল আহমেদ, রেজাউল করিম, রেবেকা সুলতানা রুবা প্রমুখ৷
বক্তারা বলেন, অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷ তারা আরও বলেন, গুটি কয়েকজন মানুষের স্বার্থের জন্য হাজার হাজার কোমল মতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে ঠেলে দেয়া যায় না৷ অনতি বিলম্ব চলমান সকল সমস্যার সমাধান দাবি করেন বক্তারা৷ সবশেষে মানববন্ধনে অংশগ্রহণকারী সাস্টিয়ান এবং উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আবদুল মোমেন৷