৭:৩৪ অপরাহ্ণ
শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক আমিনা পারভীন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) চার বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনা পারভীন। তিনি শাবিপ্রবির প্রথম নারী কোষাধ্যক্ষ।
রবিবার(৩০ই এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হয়।
নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক আমিনা পারভীন বলেন, কোষাধ্যক্ষ পদটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমাকে এ দায়িত্ব অর্পণের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্যে আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকবো। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, তিনি ১৯৯৬সালের ০৯ এপ্রিল শাবিপ্রবির সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি, একাধিকবার কার্যকরী সদস্য, হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা, সমাজকর্ম বিভাগের প্রধানসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে তিনি শাবিপ্রবির প্রথম নারী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বেও কর্তব্যরত আছেন।