২:৫৭ পূর্বাহ্ণ
শাবিতে চারটি টং পুনঃস্থাপনের কাজ চলছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ—এর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চারটি টং পুনঃস্থাপনের কাজ শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে টং স্থাপনের কাজ শুরু করে। শিক্ষাভবন- 'ই' এর সামনে দুটি টং এবং শিক্ষাভবন- 'সি' এর পাশে দুটি টং স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, 'উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আমাদের পাঁচটি টং স্থাপনের কথা ছিল। একটি টং স্থাপনের কাজ শেষ।
আজকে দুপুর দুইটা থেকে বাকি টং গুলো নির্মাণের কাজ শুরু করা হয়েছে'। গত সোমবার (৩১ জানুয়ারি) থেকে টং নির্মাণের কাজ শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষাভবন–‘বি’ এর সামনে ‘চাষাভুষার টং’ নির্মাণের কাজ শেষ, চলছে বেচা-কেনা। প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত থাকতে দেখা যায় এই টং। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ স্বরূপ (আজ) মঙ্গলবার সন্ধ্যায় তথ্যচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বলন হয়৷
ভিসি পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত শনিবার (২৯ জানুয়ারি) থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাঁচটি টং-দোকান পুনঃনির্মাণের কাজ শুরু করে। সম্পূর্ণরূপে টংগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা৷