১:৫০ পূর্বাহ্ণ
শাবিতে 'চাষাভুষার টং' নির্মাণ ও আলোকচিত্র প্রদর্শনী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ—এর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জানুয়ারি) ‘আলোকচিত্রে এক দফা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে তারা। এছাড়া এদিন আন্দোলন কর্মসূচি হিসেবে টং–পুননির্মাণের কাজ অব্যাহত ছিলো৷ সোমবার (৩১ জানুয়ারি) বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চত্বর’ সংলগ্ন রাস্তায় শুরু হয় এই আলোকচিত্র প্রদর্শনী৷
‘আলোকচিত্রে এক দফা’ শীর্ষক এই প্রদর্শনীতে প্রামাণ্য দলিল হিসেবে ১৬ জানুয়ারি উপাচার্য অবরুদ্ধ থাকাকালীন সময়ের চিত্র থেকে শুরু করে ২৮ জানুয়ারি রাতের সাংস্কৃতিক আয়োজন পর্যন্ত উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির বিভিন্ন মুহূর্তের প্রায় দেড় শতাধিক ছবি দেখানো হয়। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে এই আয়োজন। আজকে এবং আগামীকাল মঙ্গলবার এই আলোকচিত্র প্রদর্শনী হবে৷
প্রয়োজনে আলোকচিত্র প্রদর্শনীর সময়কাল বাড়ানো হতে পারে বলেও জানান তিনি৷ এছাড়া সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষার্থীদের টং–দোকান পুনঃনির্মাণের কাজ অব্যাহত ছিলো। এদিন বিকেল সাড়ে চারটায় কিছু শিক্ষার্থীকে শিক্ষাভবন–‘বি’ এর সামনে ‘চাষাভুষার টং’ নির্মাণের কাজ করতে দেখা যায়। গত শনিবার (২৯ জানুয়ারি) থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাঁচটি টং-দোকান পুনঃনির্মাণের কাজ শুরু করে। সম্পূর্ণরূপে টংগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা৷