৫:১৫ অপরাহ্ণ
র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত শাবির পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক প্রথম বর্ষ প্রথম পর্বেরর নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান, তদন্ত কমিটির সদস্য ড. মো. খাইরুল ইসলাম। তিনি জানান, 'তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।' বহিস্কৃতরা হলেন ব্যবসায় প্রশাসনের বিভাগের ২০২০-২১ সেশনের মো.আপন মিয়া, মো. আল আমিন, মো.পাপন মিয়া, মো. রিয়াজ হোসেন. এবং মো. আশিক হোসেন।
এই ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অধিকতর তদন্তের পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তদন্ত কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সায়েদ আরফিন খান নোবেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান ও সহকারী প্রক্টর মিজানুর রহমান।
প্রক্টর ড. মো কামরুজ্জামান চৌধুরী জানান, প্রথম বর্ষের এক নবীন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটি, ভুক্তভোগী ও অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের "ই" বিল্ডিং এর ৩২০নম্বর কক্ষে তদন্ত চলছে এমনটি সরেজমিনে পাওয়া যায়।