৫:১৭ অপরাহ্ণ
কিন'র আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন'র আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত, অসহায় মানুষদের সহযোগিতা করার উদ্দেশ্যে কিন নিঃস্বার্থভাবে কাজ করে চলছে। কিনের পাঁচটি উইংসের মধ্যে অন্যতম একটি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান।
মঙ্গলবার (২৮ই ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৫টায় অর্জুনতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামের কনভেনর শুভ রায় সুমিত বলেন, রক্তদান নিয়ে ভীতি দূর করতে এবং সকলকে রক্তদানে উদ্বুদ্ধ করতে KIN প্রতি বছরই ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর’ আয়োজন করে।
আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আমাদের আশেপাশের মুমূর্ষু রোগীগুলোর যেকোনো সময়ে রক্তের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলি,সে জন্যই এ বিশেষ উদ্যোগ। কর্মসূচির সার্বিক সহযোগিতায় আছে ওসমানী মেডিকেল কলেজ শাখা রক্তদান ও স্বাস্থ্য বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'সন্ধানী'।
সংগৃহীত রক্ত জমা থাকবে সন্ধানীর ব্লাড ব্যাংকে, যা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ব্যবহার করা হবে। উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কিন সর্বদাই নিঃস্বার্থভাবে মানুষের সেবায় কাজ করে আসছে। সুবিধাবঞ্চিতদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দৃঢ় প্রতয় নিয়েই চলছে কিনের নিরন্তর পথচলা।