শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জুবায়ের আহমদ, জকিগঞ্জ থেকে ::
১৮ নভেম্বর ২০ ২৫
২:০ ৩ অপরাহ্ণ

জকিগঞ্জে শীতের আগমনে লেপ-তোষক বিক্রিতে চাঙ্গাভাব, ব্যস্ত সময় পার করছেন কারিগররা

শীতের আগমনের সঙ্গে সঙ্গে জকিগঞ্জে শুরু হয়েছে লেপ-তোষক প্রস্তুত ও বিক্রির ব্যস্ত মৌসুম। স্থানীয় বাজারগুলোর দোকানে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। জকিগঞ্জের উপজেলা রোড, কালিগঞ্জ ও বাবুরবাজার ঘুরে দেখা গেছে, লেপ-তোষক তৈরির দোকানগুলোতে দিনরাত চলছে কাজের চাপ।

দোকান মালিক ও কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুলার দাম ও মজুরী বৃদ্ধির কারণে এবছর লেপ-তোষক তৈরির খরচ কিছুটা বেড়েছে। বর্তমানে একটি মাঝারি মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে ১৩০০ থেকে ১৫০০ টাকা, আর তোষক তৈরিতে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত লাগে।

কারিগররা জানান, লেপ তৈরিতে সাধারণত কার্পাস তুলা ব্যবহার করা হয়। একটি ডবল লেপ তৈরি করতে লাগে প্রায় ৩ থেকে ৪ কেজি তুলা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শুধু লেপ-তোষকের চাহিদাই নয়, গরম পোশাক, কাঁথা, কম্বল, চাদর, শাল, শীতের টুপি, হাতমোজা, মাফলার ও কার্পেটের বিক্রিও বেড়েছে। এদিকে, সন্ধ্যা নামলেই এলাকাবাসী শীত নিবারণের জন্য পাতলা কাঁথা বা কম্বল ব্যবহার শুরু করেছেন।

জকিগঞ্জ বাজারের এমএ হক চত্বর এলাকায় পুরাতন কাপড়ের দোকানগুলোতেও ক্রেতা-বিক্রেতার ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দোকানিরা জানান, ডিসেম্বরের দিকে শীত আরও তীব্র হবে—তখন লেপ-তোষক ও গরম কাপড়ের বেচাকেনা আরও বাড়বে। শীত না যাওয়া পর্যন্ত এই ব্যস্ততা অব্যাহত থাকবে বলেই আশা করছেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ