৮:০ ৯ অপরাহ্ণ
বিনামূল্যে চিকিৎসা পেলেন ৭০০ রোগী, ছানি অপারেশনের জন্য সিলেটে ১০৫ জন
চোখের আলো ফেরাতে সোনাসারে মানবতার হাত বাড়িয়ে দিলেন বালাউট ছাহেব বাড়ি
চোখের আলোয় পৃথিবী দেখার স্বপ্ন অনেকেরই। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন অনেক সময় ম্লান হয়ে যায়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেই কষ্ট লাঘবে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে জকিগঞ্জের সোনাসার বাজারে।
বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সোনাসার বাজারের বিসমিল্লাহ ফার্মেসিতে দিনব্যাপী এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ১০৫ জন রোগীকে বাছাই করা হয়। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
অর্থাভাবে যারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এ উদ্যোগ যেন আশার আলো হয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দারা এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এসময় উপস্থিত ছিলেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মাশুকুর রহমান মারুফ, বারঠাকুরী ইউনিয়নের সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ মেম্বার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম. মামুন, উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, অসহায় মানুষের চিকিৎসাসেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।