৯:০ ৫ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আজ রবিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় শিক্ষা ভবন 'এ' থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর রহমানের, আহ্বায়ক রাজু শেখ, সদস্য সামিউল এহসান শাফিন প্রমুখ।
এসময় তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। একদিকে উন্নয়নের ফাঁকা বুলি শুনিয়ে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ২০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, অন্যদিকে আমরা দেখছি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি- টিসিবির ট্রাকের পেছনে দিশেহারা হয়ে মানুষ ছুটাছুটি করছে।
এমনকি একটা পণ্যের ব্যাগের জন্য চলন্ত ট্রাকের পেছনে ঝুলে থাকা মানুষের দৃশ্যটি পর্যন্ত আমাদের জীবনের একটি নিত্তনৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।
সারা দেশে মাত্র ৪৫০ টি পয়েন্টে সীমিত পরিমাণে প্রতিদিন টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয় যা সাধারণ মানুষের চাহিদার তুলনায় খুবই নগণ্য। এমনকি সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।
তারা আরও বলেন, মোকাবেলায় যত দ্রুত সম্ভব সারাদেশে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দরিদ্র-নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য রেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণের চাহিদার সাথে খাপ খাওয়ানোর মতো পরিমাণমতো পণ্য সরবরাহ করার এবং প্রত্যেক ইউনিয়নে টিসিবির ট্রাক পৌছে দেয়ার আহ্বান জানান।