১০ :২৬ অপরাহ্ণ
জকিগঞ্জ বাজার ইজারা ১৬ লাখ ৬৫ হাজার টাকায়
১৪৩৩ বঙ্গাব্দের জন্য জকিগঞ্জ বাজার এক বছরের মেয়াদে ইজারা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ এপ্রিল) জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা পৌরসভার মাইজকান্দি গ্রামের মো. হোসেন আহমদ ১৬ লাখ ৬৫ হাজার টাকায় বাজারের ইজারা লাভ করেন।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস-এর সভাপতিত্বে জনসম্মুখে টেন্ডারবক্স খোলা হয়। উপস্থিত দরদাতা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে টেন্ডারবক্স একাধিকবার প্রদর্শন করা হয় এবং পরে জমাকৃত দরপত্রসমূহ খুলে যাচাই-বাছাই করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, বাজার ইজারার জন্য মোট ৪ জন দরপত্র জমা দেন তাদের মধ্যে মো. হোসেন আহমদের দর সর্বোচ্চ হওয়ায় বিধি অনুযায়ী তাকে ইজারা প্রদান করা হয়। অপর দরদাতারা হলেন মনিরুল ইসলাম রাজন, কাজী আজাদুর রহমান ও কয়েস আহমদ। এ সময় পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস বলেন, বিধি মোতাবেক আগামী সাত কার্যদিবসের মধ্যে ইজারার সম্পূর্ণ অর্থ, প্রযোজ্য কর ও ভ্যাটসহ জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়ে পৌরসভার রাজস্ব তহবিলে জমা হবে এবং দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হবে।
ইজারা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার প্রকৌশলী মুজিবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বিএনপি নেতা আব্দুস সালামসহ জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ইজারার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।