৯:৩২ অপরাহ্ণ
জগন্নাথপুরে কেয়ারটেকারের হুমকিতে দেশে আসতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী নারী
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুক্তরাজ্য প্রবাসী নারীকে অব্যাহত হুমকি দিচ্ছেন তার কেয়ারটেকার। ঐ নারীর পৈত্রিক বাড়ীঘর ও জায়গা জমি দখলে নিতে নানা রকম পায়তারা করছেন কেয়ারটেকার কবির মিয়া। এমনকি কবিরের হুমকিতে ভয়ে দেশে আসতে পারছেননা যুক্তরাজ্য প্রবাসী নারী ছাহিদুন্নেছা। এ ঘটনায় ছাহিদুন্নেছার দেবর রেদওয়ান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে মোছাঃ ছাহিদুন্নেছা স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। দেশে তার আপন ভাই কিংবা অন্য কেউ না থাকায় পৈত্রিক বাড়ীঘর ও জায়গাজমি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য একই গ্রামের দুলু মিয়ার পুত্র কবির মিয়াকে দিয়ে যান।
কিন্তু কবির মিয়া এ সুযোগে ছাহিদুন্নেছার সম্পত্তি আত্বসাৎ করতে অপচেষ্টায় লিপ্ত হন এবং নানা অপকৌশল শুরু করেন। সম্প্রতি ছাহিদুন্নেছা স্বামী সন্তান নিয়ে দেশে আসবেন এমন সংবাদ পেয়ে কবির গত ২৪ সেপ্টেম্বর তাকে ফোন করে বলে, দেশে এসে ছাহিদুন্নেছার সকল সম্পদ তার নামে আমমোক্তার করে দিতে হবে। তা না হলে তিনি দেশে আসতে পারবেননা। দেশে আসলে ও সে হামলা চালাবে এবং যেভাবে পারে সম্পত্তি দখলে নিবে। এমনকি ছাহিদুন্নেছা ও তার স্বামী সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কবির।
এমন হুমকির কারনে যুক্তরাজ্য প্রবাসী ছাহিদুন্নেছা দেশে আসতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে ছাহিদুন্নেছার দেবর আশারকান্দি ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা রেদওয়ান হোসেন জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে প্রবাসী ছাহিদুন্নেছা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।