১০ :৪৭ অপরাহ্ণ
মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অধিকার'র সমাবেশ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যার ফলে সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবকের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। রায়হানের পরিবার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে। কিন্তু সুবিচার নিয়ে তার পরিবার শঙ্কিত। এ রকম মানবধিকার লঙ্ঘন প্রতিরোধ করতে মানবাধিকার কর্মীদের সাথে সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে র্যালি পরবর্তী সমাবেশ চলাকালে বক্তারা এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে নগরীর সুবিদবাজার পয়েন্ট প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহিত রায়হানের মা ছালমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জেড এম শামসুল, খালেদ আহমদ, মো. মঈন উদ্দিন মনজু, মঈনুল হক বুলবুল, এডভোকেট মো. নাজমুল ইসলাম, সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সাঈদ নোমান, খালেদ আহমদ, গোলজার আহমেদ, মারুফ আহমদ, গোপাল চন্দ্র বর্ধন, মানাউবী সিংহ শুভ, দিপক বৈদ্য দিপু, নিহত রায়হানের চাচা হাবিবুল্লাহ, সামসুজ্জামান সেলিম, সমাজকর্মী আমিন তাহমিদ, সাবেক ছাত্রনেতা মো. মইনুল হক, মো. মাশুক মিয়া, মো. আফিজ আলী, আব্দুর রহমান খালেদ, আমির হোসেন সর্দার, মো. সিজিল মিয়া প্রমুখ।
এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিচার বহির্ভূত হত্যাকান্ড, হেফাজতে নির্যাতন, জবাবদিহিমূলক গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।
ইকবাল সিদ্দিকী সম্প্রতি সিলেটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা উল্লেখ করে এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি বলেন, ন্যায় বিচারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেকটা রোধ করা সম্ভব।
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মা ছালমা বেগম তার ছেলে হত্যার বিচার চান। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।