৬:৫৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে সূচনার অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা
"বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস" এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সূচনার সব কার্যক্রম আমার দৃষ্টিতে সফল। বিশেষ করে করোনা ও বন্যার সময় সূচনা প্রকল্প হতদরিদ্র মানুষের সহায়তায় যেভাবে পাশে দাড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সূচনার ইউনিয়ন কো-অর্ডিনেটর মুরাদ আল হুসেন এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের বাসিন্দাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও পুষ্টির চাহিদা পূরনে অত্যন্ত সফলতার সাথে কোম্পানীগঞ্জ উপজেলায় কাজ করেছে সূচনা।
গত ৬ বছরে উপজেলায় সূচনা প্রকল্পের উদ্যোগে ৬ টি ইউনিয়নের অবহেলিত হতদরিদ্র প্রায় ৯৪৭১ জন নারীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃৃদ্ধি, দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পুষ্টিবান্ধব কৃষি তৈরির পাশাপাশি প্রাণিজ উৎস থেকে আমিষের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতায় বিরাট ভূমিকা পালন করেছে সূচনা প্রকল্প।
সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবিদুর রহমান ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিম উদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, এফআইভিডিবি সূচনা’র প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফাহিম সারওয়াত। সূচনার গত এক বছরের কাজের অগ্রগতির তথ্যচিত্র তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার, ইউনিয়ন সমন্বয়কারী ফারুক আহমদ, মিন্টু আচার্য, পুষ্টি কর্মকর্তা হানজালা রহমান, মনিটরিং অফিসার জিয়াউস সালেকিন সাকি, ফিল্ড ফ্যসিলিটেটর, সূচনার ভিএমএফ, ভ্যাকসিনেটর প্রমুখ।