৪:০ ৭ অপরাহ্ণ
এবারের হজে বেশ কিছু নিয়ম মেনে পবিত্র হজ পালন করতে হবে হাজীদের
সেলিম আহমেদ,সৌদি আরব প্রতিনিধি:: সৌদি কর্তৃপক্ষ বলছে এবারের হজে অংশগ্রহণকারীদের বেশ কিছু নিয়ম মেনে হজ পালন করতে হবে । বিশ্ব স্বাস্থ সংস্থা, ওআইসি'সহ বিভিন্ন সংস্থা এবং সর্বোচ্চ উলামা পরিষদের সঙ্গে আলোচনা করে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের হজে । এসব নিয়মের অন্যতম হলো- তাওয়াফের সময় পবিত্র কাবা স্পর্শ করা যাবে না । কালো পাথর হাজরে আসওয়াদে চুমু দেওয়া যাবে না । অবশ্য হাজরে আসওয়াদে চুমু দিতে না পারলে ওই পাথরের দিকেতে ইশারা করে তাওয়াফ শুরু করার বিধান রয়েছে । আর কাবার স্পর্শ করা হজের কোনো মৌলিক বিধান নয় । তাওয়াফ করা হজের বিধানের অন্যতম ।
নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের । এ নিয়ম মিনা, মুজদালিফা ও আরাফাতেও মানতে হবে বলে জানাগেছে । এই সময়ে হজযাত্রী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক । ইহরাম অবস্থায় মুখ খোলা রাখা বাধ্যতামূলক হলেও পরিবর্তিত পরিস্থিতিতে মাস্ক পরার বিষয়ে আলেমরা জায়েজ বলে ফতোয়া দিয়েছেন।
এদিকে অনুমতি ছাড়া কেউ মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন না । এসব স্থানে যাওয়া-আসা নিয়ন্ত্রণ করবে সৌদি কর্তৃপক্ষ । জামারাতে পাথর মারার সময় হজযাত্রীদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে, সেগুলো ব্যবহার করতে হবে । পাথর নিক্ষেপের সময় কোনো দলে পঞ্চাশজনের বেশি লোক থাকতে পারবে না । কোরবানি সম্পন্ন করতে হবে ব্যাংকের মাধ্যমে । কোনো হজযাত্রী নিজে কোরবানির পশু ক্রয় কিংবা জবাই করতে পারবেন না ।
হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরিবহন শ্রমিক এবং খাবার সরবরাহকারী ও স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা । বার বার হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির সময় শালীনতা করতে হবে । তাওয়াফের সময় আলাদা আলাদা লাইন থাকবে সেই লাইন অনুসরণ করতে হবে । সাফা-মারওয়ায় সায়ীর সময়ও একই নিয়ম মানতে হবে বলে জানাগেছে ।