৬:০ ৯ পূর্বাহ্ণ
হজযাত্রীরা মক্কায় আসতে শুরু করেছেন
সেলিম আহমেদ,সৌদি আরব থেকে:: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক... ধ্বনিতে ফের মুখরিত হতে চলছে মক্কা ও কাবা এলাকা। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের হজে অংশ নেওয়া হজযাত্রীরা ৭ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে মক্কায় আসা শুরু করেছেন ।
গতকাল বিকেলে আল কাসিম প্রদেশ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে হজযাত্রীদের একটি দল জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দর এসে পৌঁছায় । বিমানবন্দরে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান । এ সময় হজযাত্রীদের কবুল হজ নসিবসহ তাদের সুস্থতার জন্য দোয়া করা হয় । দোয়ায় গোনাহ থেকে মুক্তির পাশাপাশি করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয় ।
এদিকে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এক সাক্ষাৎকারে বলেছেন, হজযাত্রীদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে । এ সময় তিনি হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির নাগরিকদেরও বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ জানান ।
পূর্ব ঘোষণামতে, সময়মতো সৌদি আরবের অন্যান্য প্রদেশের হজযাত্রীরা মক্কা এসে পৌঁছবেন । এই হজযাত্রীরা ১৯ জুলাই হোম কোয়োরেন্টাইন পালন করছিলেন । হজপালনের জন্য মক্কায় প্রবেশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা নির্দিষ্ট হোটেলে (জমজম টাওয়ার) আরও চারদিনের কোয়ারেন্টাইন পালন করবেন। এর পর ৮ জিলহজ বাদ ফজর রওয়ানা হবেন মিনায়। মিনাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় ।
সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও দেশটির নাগরিকদের সমন্বয়ে দশ হাজার মানুষ এবার হজপালন করবেন ।