৯:২৮ অপরাহ্ণ
শাবি প্রেসক্লাবের সাথে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মতবিনিময়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০তম কার্যনির্বাহী পরিষদের সাথে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি বুরহান উদ্দিন, খোরশেদ আলম, শামছুন্নাহার, আবেদা খাতুন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান, সমাজকল্যাণ সম্পাদক রুহিল মাদিনী মীম ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. মুনির হোসেন। মতবিনিময়কালে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করে। এ সংগঠনের সদস্যরা ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’র হয়ে কাজ করেন। ক্যাম্পাসে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করবো। জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এ যাত্রায় শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দকে পাশে থাকার অনুরোধ করছি। প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, শাবি প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ক্যাম্পাসের উন্নয়নে প্রেসক্লাব নেতৃবৃন্দ নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টার মানবাধিকার রক্ষায় কাজ করছে। এটা সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পাসে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে এ সংগঠনের সদস্যরা সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। এতে শাবি প্রেসক্লাব সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে। এসময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ এবং সাধারণ সদস্য নোমান ফয়সাল ও মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।