২:৫৮ অপরাহ্ণ
জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সত'র্কবাণীর দাবিতে অব'স্থান কর্মসূচি
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী সংযোজন এবং খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও গেজেট আকারে প্রকাশের দাবিতে সিলেটের জকিগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জকিগঞ্জ পৌরসভার ক্যাডেটহোম স্কুল গেটে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ ও অফিস সহায়ক রাজশ রায়।
কর্মসূচি থেকে খাদ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়া এক চিঠিতে বলা হয়, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্যের অতিরিক্ত গ্রহণ এসব রোগের অন্যতম কারণ।
চিঠিতে বলা হয়, খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল বা Front-of-Pack Labeling (FOPL) সংযোজন করা হলে ভোক্তারা সহজেই অস্বাস্থ্যকর খাদ্য শনাক্ত করে স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন করতে পারবেন। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।
এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলোর সুপারিশের কথা উল্লেখ করে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় FOPL একটি কার্যকর ও প্রমাণভিত্তিক নীতিগত ব্যবস্থা। তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য খাদ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, মোড়কাবদ্ধ খাদ্য কেনার সময় সাধারণ ভোক্তাদের জন্য পণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর ফ্যাটের উপস্থিতি সহজে বোঝার সুযোগ থাকা জরুরি। খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী সংযোজন করা হলে ভোক্তাদের সচেতনতা বাড়বে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মসূচি শেষে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।