৭:১২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে দুই বিসিএস উত্তীর্ণকে সংবর্ধনা
কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের দুই বিসিএস ক্যাডারকে গত শনিবার রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ডাক্তার এমএ কাহ্হার ও সদ্য সুপারিশপ্রাপ্ত ৪৩তম বিসিএস নন ক্যাডার মো. শাহিন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।
ভাটরাই স্পোর্টস বোর্ড ও ভাটরাই প্রজন্ম ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এ সময় তাদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী আয়োজন ও নিজ গ্রামে সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত হন সংবর্ধিত দুজন।
সংবর্ধনা পাওয়া ডাক্তার এমএ কাহহার বলেন, নিজ গ্রামে সংবর্ধনা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এ সম্মাননা আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি ভাটরাই গ্রামের ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, এই গ্রামের সবাই মূলত একই বংশের। কালের বিবর্তনে বংশ তিন ভাগে বিভক্ত হয়েছে।
বয়োজ্যেষ্ঠরা বিষয়টি জানলেও নতুন প্রজন্ম জানে না। সবাইকে তাই এক হয়ে চলার পরামর্শ দেন তিনি। ডা. এমএ কাহহার প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌছে দিতে এবং আরো এগিয়ে যেতে সবার দোয়া কামনা করেন।
সংবর্ধিত অপর অতিথি শাহিন বলেন, পড়ালেখার মানোন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটরাই স্পোর্টস বোর্ডের সভাপতি মামুনুর রশীদ মামুন।
সঞ্চালনায় ছিলেন কিবরিয়া আহমদ। সভায় গ্রামের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম, আব্দুল ওয়াহিদ, আনিছুর রহমান মেম্বার, আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক, ডাক্তার মুহিবুর রহমান, মো. ফখরুল আলম, মো. জামাল হক।
বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, গ্রামের যুবকদের মধ্যে রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুন্না, আতিকুর রহমান তান্না, সুহেল আহমদ, মানিক, শাকিম ও ভাটরাই প্রজন্ম ক্লাবের সাধারণ সম্পাদক কাওসার আহমদ।