৩:২০ পূর্বাহ্ণ
সিলেটে দেড় শতাধিক অসহায় পরিবারের জন্য প্রবাসীদের ত্রাণ সহায়তা
জীবন ও জীবিকার তাগিদে এলাকা থেকে দূরে থাকলেও চেনা মানুষদের জন্য মন কাঁদে প্রবাসীদের। একসময় গ্রামে যাদের সঙ্গে কেটেছে শৈশব ও কৈশোরের সুবর্ণ সময়, সময়ের পরিবর্তনে তাদের যে কোনো বিপদ ছুঁয়ে যায় হাজারো মাইল দূরে থাকা প্রবাসীদের হৃদয়। সেই অনুভূতি থেকেই করোনাভাইরাসের এই দুর্যোগকালে মানুষের কল্যাণে মানবিক উদ্যোগ নিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের বেশ কয়েকজন প্রবাসী।
এই প্রবাসীদের পাঠানো অর্থে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় দেড় শতাধিক পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেটের নবপুষ্প সমাজ কল্যাণ সংঘ। ২০ এপ্রিল খর্দ্দাপাড়া গ্রামের থলাহাল পাড়া ও এর আশেপাশে এই সেবামূলক কার্যক্রমে অংশ নেন সংগঠনটির সদস্যরা।
নবপুষ্পের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিভিন্ন দেশে কর্মরত ক্লাবের সাবেক সদস্যদের মধ্যে কয়েকজন প্রবাসীর উদ্যোগ ও অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করে নবপুষ্প সমাজ কল্যাণ সংঘ। গত কয়েকদিন ধরে প্রয়োজনীয় রসদ কেনার পর প্যাকেট করে আজ সংঘের সদস্যরা বিভিন্ন বাড়িতে গিয়ে এসব পৌঁছে দেন।
পরিবারভেদে ৫০ কেজি ও ২৫ কেজির প্যাকেট তুলে দেওয়া হয়। এসব প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, খেজুর, ছোলাসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
গ্রামের কাতারপ্রবাসী তরুণ আবজল আহমদ জানান, নবপুষ্প সমাজ কল্যাণ সংঘ স্থানীয় তরুণ ও যুবকদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন দুর্যোগে সম্মিলিত উদ্যোগে থলাহাল পাড়া ও এর আশেপাশে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
আবজল জানান, সংগঠনের অনেক সাবেক সদস্য এখন দেশের বাইরে থাকেন, তাদের আর্থিক সহায়তায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইউরোপ ও আমেরিকা থেকে প্রবাসীরা এই সেবামূলক কাজের জন্য অর্থ সহায়তা পাঠিয়েছেন। এই কাজে অংশ নিতে পেরে আমরা সবাই আনন্দিত বোধ করছি।