১২:২৬ অপরাহ্ণ
FWA UK এর জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হুদা খানের মতবিনিময়
ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন (FWA) ইউকের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হুদা খান এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ১৮ ডিসেম্বর সোমবার রাতে নগরীর শাহজালাল উপশহরের বে লীফ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্থানীয় শাখার সভাপতি রেদোয়ান উদ্দিন এর সভাপতিত্বে ও কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সুহেল আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য যুক্তরাস্ট্র প্রবাসী কমিউনিটি নেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সমাজসেবী গোলাম কিবরিয়া।
বক্তব্য রাখেন আব্দুল ওয়ারিছ খান, খালেদ আহমদ খান, বিপ্রপদ গোস্বামী, মাসহুদ খান প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসুস্থ শরীর নিয়ে এসে যোগদান করেন গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ সমাজসেবক ও রাজনীতিবিদ ডা: আব্দুল ওয়ালী খান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব বলেন ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন।
যুক্তরাজ্যে ভালো অবস্থানে থেকেও তাঁরা স্বদেশের অসহায় মানুষের কথা স্মরণ করেন। কষ্টার্জিত আয়ের একটি অংশ জন্মভূমির মানুষের মুখে হাসি ফোটাতে দান করেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তিনি FWA UK এর জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হুদা খানের সিলেট আগমন ও এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
তিনি ফুলসাইন্দের উন্নয়নে মাহবুবুল হুদা খানের পিতা ডা: আব্দুল ওয়ালী খানের অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ বলেন প্রবাসীরা সিলেটবাসীর স্বজন, শুভাকাঙ্ক্ষী, বিপদের বন্ধু। তাঁদেরকে দেশে অবস্থানকালে যথাযথ সম্মান জানাতে হবে।
তিনি ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রমের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ খান পরিবারের সদস্যদের ফুলসাইন্দের ফুল আখ্যায়িত করে বলেন ইউকের মতো ইউএসএতেও ফুলসাইন্দের কৃতি সন্তান মামুন খান গোলাপগঞ্জ হ্যাল্পিঃ হ্যান্ডস, ইউএসএ'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সুহেল আহমদ মতবিনিময় সভার মাধ্যমে এলাকার সকলকে একত্রিত করায় মাহবুবুল হুদা খানকে ধন্যবাদ জানান। সমাজসেবী গোলাম কিবরিয়া দক্ষ মানবসম্পদ উন্নয়নে ফুলসাইন্দ গ্রামে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় সংবর্ধনার জবাবে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হুদা খান বলেন জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমি ও প্রিয় মানুষদের কথা এক মুহুর্ত ভুলতে পারিনা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা ইউকের সকলের সহযোগিতা নিয়ে কাজ করছি।
এবার গ্রামের অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান। তিনি শীতের রাতে ফুলসাইন্দ ও নগরীর নানা প্রান্ত হতে এসে সভায় উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উপস্থিত সকলকে FWA UK এর লোগো সম্বলিত একটি গেঞ্জি স্মারক উপহার দেন। পরে উপস্থিত সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।