মঙ্গলবার, আগস্ট ১৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ আগস্ট ২০ ২৬
৮:৫২ অপরাহ্ণ

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত করলেও দোয়া করেছেন পুরো দেশের মানুষ।

তাই আমার দায়িত্ব শুধু নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়; আমি পুরো বাংলাদেশের এমপি হিসেবে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।

গত শনিবার খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার অন্তর্গত লুটন শাখা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি জাতীয় সংসদের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও নীতিগত সংস্কারে ভূমিকা রাখার পাশাপাশি সিলেট অঞ্চলের অবহেলিত সমস্যাগুলো নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। মুফতি আবুল হাসান এমপি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইটের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

তিনি প্রশ্ন তোলেন, নামে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সেখানে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট থাকবে না—এটি কীভাবে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে? সিলেট বিমানবন্দরকে প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে বৈশ্বিক বিমান সংস্থাগুলোর ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে হবে৷ এছাড়াও প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ এবং যৌক্তিক বিমানভাড়া নির্ধারণ করতে হবে।

তিনি এ বিষয়ে সিলেটের সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক ও আলোচনা করেছেন বলে জানান। অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদানকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের অধিকার ও আইনি মর্যাদা রক্ষায় আমি কাজ করে যাব।

বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাঁর মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা এবং দাফন-কাফনের সুব্যবস্থা করার ক্ষেত্রে তাঁর নেওয়া বিগত উদ্যোগগুলোর ধারাবাহিকতায়, ভবিষ্যতে প্রবাসী পরিবারগুলো যেন দ্রুত প্রাতিষ্ঠানিক ও স্থায়ী আইনি সহযোগিতা পায়, সে লক্ষ্যে একটি কার্যকর রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার জোর দাবি জানান।

জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে মুফতি আবুল হাসান এমপি বলেন, সুরমা-কুশিয়ারার নদীভাঙনের কারণে দেশের ভূখণ্ড ও সীমান্তের ওপর যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, আমি সে বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করেছি।

এই সংকট সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রয়োজনীয় টেকসই বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে। লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কারীম মামরোখানী, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ফিরদাউস। উক্ত সুধী সমাবেশে খেলাফত মজলিস লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসানের কাছে বিভিন্ন জনমুখী প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কওমি মাদরাসার সনদের কার্যকর মূল্যায়ন, খতমে নবুওয়াতের আকীদার সুরক্ষা, ধর্মীয় অনুভূতির সুরক্ষা, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়গুলো উল্লেখযোগ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্লি-হিল মসজিদের ইমাম ও খতিব হাফিজ তৈয়ব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম লুটন শাখার সেক্রেটারি ও জুহরী একাডেমির ইমাম এবং খতিব মাওলানা নাবিল আহমদ, মসজিদ বিলালের ইমাম মাওলানা হাফিজ ফারহাত, মাদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, বিলাল আহমদ, মাওলানা শাহজাহান, মিফতাউর রহমান, জাহেদ আহমদ, আহমদ হুসাইন, হাফিজ আলম, মাওলানা নাজির আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম প্রমুখ। উক্ত সমাবেশে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান এমপি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ