৫:৪৭ অপরাহ্ণ
ঢাকায় পৌঁছেছে ভ্যাকসিনের প্রথম চালান
করোনা ভ্যাকসিনের প্রথম চালান ভারত থেকে ঢাকায় পৌঁছেছে। প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এসেছে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
এর আগে সকাল ৮টায় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়।
ভ্যাকসিন গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ভ্যাকসিনগুলো ১৬৭টি বক্সে করে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। বক্সগুলো এয়ার ইন্ডিয়ার বিমান থেকে দুটি ফ্রিজার ভ্যানে তোলা হচ্ছে। এ কাজ শেষে বক্সগুলো নিয়ে যাওয়া হবে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায়। সেখানে বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী কাছে ভারতের হাই কমিশনার ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
করোনাভাইরাস মহামারির তথ্য সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন। অন্যদিকে বাংলাদেশ গতকাল বুধবার পর্যন্ত মোট সাত হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।