৯:৩৮ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় রাজনৈতিক প্রভা'ব খাটিয়ে প্রবাসীর জমি দখ'লের অভি'যোগ
রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সালিশি সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল, গাছপালা কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ভাই।
২০ জানুয়ারি সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লাউয়াই মোহাম্মদপুর মাস্টার বাড়ির বাসিন্দা হাজী মো. আজিজুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম ওরফে রুমেল।
তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড় ভাই যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আমিনুল ইসলাম শরীফ। লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর মৌজার অন্তর্গত প্রায় ২৩ শতক বাড়িঘরসংলগ্ন ভূমি প্রায় ১৪১ বছর আগে তাদের পূর্বপুরুষ ক্রয়সূত্রে অর্জন করেন।
এসএ ও বিএস জরিপসহ চূড়ান্ত রেকর্ডে ওই ভূমি তাদের পরিবারের নামে বৈধভাবে রেকর্ডভুক্ত রয়েছে এবং সরকারি পর্চাও বিদ্যমান। সম্প্রতি বসতবাড়ির উত্তর সীমানায় প্রাচীর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মিজানুর রহমান ওরফে লাম্বা মিজানসহ কয়েকজন বাধা দেন।
পরে স্থানীয় সালিশে বাদীপক্ষ তাদের মালিকানার পক্ষে দলিল উপস্থাপন করলেও অভিযুক্তরা কোনো কাগজ দেখাতে ব্যর্থ হন। সালিশে জমির মালিকানা বাদীপক্ষের পক্ষে রায় হয়।
অভিযোগে বলা হয়, সালিশি সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১২ জানুয়ারি ভোররাতে অভিযুক্তরা জোরপূর্বক জমিটি দখল করে নেয় এবং গাছপালা কেটে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় প্রতিবাদ করতে গেলে বাদী পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বর্তমানে দখলদাররা সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে অবস্থান করছে বলেও অভিযোগ করা হয়। ভুক্তভোগীরা জানান, তারা দক্ষিণ সুরমা থানায়, এসএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে প্রবাসী দুই ভাই অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এবং আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।