৮:৪৭ পূর্বাহ্ণ
দেশে পৌঁছেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পৌঁছান তিনি।
দোরাইস্বামী সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।
আখাউড়া চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
তিনি বলেন, বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করে ভারত। বাংলাদেশের সঙ্গে আরো কীভাবে অংশরীদারিত্ব বাড়ানো যায়- সেটি নিয়ে আমি কাজ করবো। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি গণমাধ্যমে কথা বলবো।
বাংলাদেশের ১৭তম ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে চেকপোস্টে নতুন এ ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়ার ইউএনও নূরে আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমানসহ অন্যান্যরা।