৩:৫৫ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের চাপে স্বস্তি ফেরাতে কানাইঘাটে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু
জকিগঞ্জ প্রতিনিধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কর্মহীন ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফেরাতে কানাইঘাটে বিশেষ ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
স্থানীয় খাদ্যবান্ধব ডিলার মো: জাকির হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ওএমএসের মাধ্যমে শ্রমজীবী মানুষেরা স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত হবেন।
তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে এ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল ভট্টাচার্য, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পরপরই নির্ধারিত মূল্যে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।