সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১৫ ডিসেম্বর ২০ ২১
৮:০ ২ অপরাহ্ণ

জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় প্রেসিডেন্টের শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফরে আসা ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আজ দুপুরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিখেন। সেখানে রোপণ করেন একটি গাছের চারা।

এর আগে বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেন ভারতের প্রেসিডেন্ট। বিমানবন্দরে ভারতের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে।

তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড পরিদর্শন শেষে ভারতের প্রেসিডেন্টকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন । এরপর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রামনাথ কোবিন্দ। এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

সন্ধ্যায় যাবেন বঙ্গভবনে, সেখানে দুই প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠক হবে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য প্রেসিডেন্টকে উপহার দেবেন ভারতের প্রেসিডেন্ট। সফরের দ্বিতীয় দিন ১৬ই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রেসিডেন্ট ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিবেন। সফরের তৃতীয় দিন (১৭ই ডিসেম্বর) ভারতের প্রেসিডেন্ট ঢাকার রমনাস্থ কালীমন্দিরে যাবেন। সেখানে সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন এবং মন্দির পরিদর্শন করবেন। মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের আগ্রহও রয়েছে তার। রমনা থেকে ফিরে দুপুরেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রামনাথ কোবিন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ