২:০ ৯ অপরাহ্ণ
পাত্র জাতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং পাত্র ভাষা ও শব্দকোষ বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী পাত্র সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার সকালে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ‘পাত্র জাতির সাংস্কৃতিক ঐতিহ্য’, ‘পাত্র ভাষা ও শব্দকোষ’ শিরোনামের বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
তিনি বলেন, ভাষা যোগাযোগের একটি মাধ্যম। এর মধ্যে পারস্পরিক স্বার্থও জড়িয়ে আছে। পৃথিবীতে যেসব ভাষা বিলুপ্তপ্রায় রাষ্ট্রীয় ভূমিকা ছাড়া সেসব ভাষা রক্ষণ করা খুবই কঠিন। যেকোনো ভাষার চর্চা করতে হবে পাশাপাশি ওই গোষ্ঠীর ঐতিহ্য, ইতিহাস নিয়ে একটি সংগ্রহশালা তৈরী করতে হবে। পাশাপাশি সংঘবদ্ধ হয়ে পরিকল্পনামাফিক চললে বিলুপ্তপ্রায় ভাষা সহজেই সংরক্ষণ করা সম্ভব।
বাংলাদেশের ৫০টি আদিবাসী জনগোষ্ঠী মধ্যে পাত্র সম্প্রদায় একটি। এই সম্প্রদায়ের নিজস্ব ভাষাকে বলা হয় ‘লালেং থার’। তাদের ভাষার কোনো বর্ণমালা না থাকায় ভাষাটি ধীরে ধীরে বিলুপ্তির পথে। একে সংরক্ষণের জন্য ইউরোপিয়ান কমিশন, ইন্টারন্যাশনাল লেবার অরগেনাইজেশন, কাপেং ফাউন্ডেশন এর সহযোগীতায় ঈঁষঃঁৎধষ যবৎরঃধমব ধহফ ষধহমঁধমব ঢ়ৎবংবৎাধঃরড়হ ড়ভ রহফরমবহড়ঁং ঢ়বড়ঢ়ব রহ নধহমষধফবংয প্রকল্পের আওতায় পাত্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা নিয়ে প্রথমবারের মত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এই বই দুটি প্রকাশ করে।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাত্র সম্প্রদায় কল্যান পরিষদ (পাসকপ) এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র ও সঞ্চালনা করেন পাসকপ এর সমন্বয়কারী লাবনী স্বার্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাপা সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম ক্বিম, মনিপুরী ভাসা গবেষনা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম, কাপেং ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক পল্লব চাকমা, উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এর জিয়াউর রহমান শিপার, লেখক ও গবেষক আব্দুল হাই আল হাদী প্রমুখ।
সমাপনী বক্তব্যে পাত্র সম্প্রদায় কল্যান পরিষদ (পাসকপ) এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র বলেন, পাত্র সম্প্রদায়ের নিজস্ব ভাষার কোনো বর্ণমালা না থাকায় ধীরে ধীরে তা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ভাষাকে রক্ষা করা করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে বই দুটি প্রকাশ করা হয়েছে। আজকে বইটির মোড়ক উন্মোচন হয়েছে। দিনটি পাত্র সম্প্রদায়ের সকলের জন্য ঐতিহাসিক দিন। বই দুটি এই সম্প্রদায়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই উপকারী হবে।
অনুষ্ঠানের শুরুতে পাসকপ এর সমন্বয়কারী লাবনী স্বার্তী পাত্র সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও ভাষা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।